আরফান আলী, শেরপুর: শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০) উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফের গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা কারাগারের গেট থেকে মুক্তি পাওয়ার সাথে সাথেই সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল তাকে আটক করে।
জানা যায়, ২০২৪ সালের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন অ্যাডভোকেট চন্দন কুমার পাল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি মামলায় তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তারি পরোয়ানা) জারি করা হয়।
এসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে উচ্চ আদালতের জামিনের আদেশ জেলা কারাগারে পৌঁছালে মুক্তি পান চন্দন পাল। কিন্তু কারাগার থেকে বের হওয়ার সাথে সাথেই তাকে পুনরায় আটক করা হয়।
ঘটনার সময় কারাগারের গেটে উপস্থিত ছিলেন তার ছোট ভাই অ্যাডভোকেট শক্তিপদ পালসহ পরিবারের অন্য সদস্যরা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “তাকে সদর থানা পুলিশ আটক করেছে, আমরা শুধু সহায়তা করেছি।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com