রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে 'রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ' নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন। জোটের এই প্যানেলে এই দুটি সংগঠন ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন।
সোমবার বিকাল ৩ টায় রাকসু ভবনের সামনে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমান উল্লাহ আমান এই প্যানেল ঘোষণা করেন।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ, সাধারণ সম্পাদক (জিএস) পদে উর্দু বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরিন জাহান এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ মনোনয়ন পেয়েছেন।
মারুফ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, আফরিন জাহান উত্তরণ পাঠক ও লেখক সূতিকাগারের সাবেক রাবি সভাপতি ও নারী অধিকার কর্মী এবং শুভ শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তাদের নেতৃত্বেই লড়বে প্যানেল।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে মেহেদী হাসান মাসুম, সহ ক্রীড়া সম্পাদক রিদুয়ানুল হক ইমন, সাংস্কৃতিক সম্পাদক রাতুল মাহমুদ, সহ সাংস্কৃতিক সম্পাদক মুবতাসিন ফুয়াদ ধ্রুব, মহিলা সম্পাদক আবিদা আকতার লাবনী, সহ তথ্য ও গবেষণা গাজী ফারহান লাবিব, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুহাইম তামিম, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুবায়ের হাসান, বিতর্ক ও সাহিত্য সম্পাদক রমজানুল মোবারক, সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক নাজমুল ইসলাম, সহ পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন নির্বাচনে লড়বেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সজীব হোসাইন, ওয়াজেদ শিশির অভি, মাহফুজুল ইসলাম নয়ন এবং আবদুল হামিদ।
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাই চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com