অবৈধভাবে সিসা বার পরিচালনার অপরাধে গুলশান থানার মামলায় গ্রেপ্তার সেলিম প্রধানসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান ছাড়াও কারাগারে যাওয়া অন্যরা হলেন, রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।
এর আগে একই দিন ভোরে অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে সেলিম প্রধানসহ ওই নয়জনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন জানিয়েছেন, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। শনিবার ভোর ৪টার দিকে সিসা সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা হয়েছে।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় সেলিম প্রধানের দেয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালান র্যাব সদস্যরা।
ওই অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ ছাড়াও ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দু’টি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক ও অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। পরে জামিনে বের হন তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com