রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এদিন সকাল সাড়ে নয়টা থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে শাখা ছাত্রদল অবস্থানের পর সকাল ১০টায় কার্যালয় ভাঙচুরের পর থেকে ছাত্রদল ও সাবেক সমন্বয়কস সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
এতে বহিরাগত শিক্ষার্থী ও সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের অনেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে এদিন সকাল ৯টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ছাত্রদল। আর সকাল ১০টা থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়।
সোয়া ১০টার দিকে ছাত্রদলের সভাপতির সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে কিছু নেতাকর্মী কোষাধ্যক্ষের কার্যালয়ের ভিতরে ঢুকে মনোনয়ন বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়ে বারান্দায় থাকা একটি প্লাস্টিকের চেয়ার ভেঙে ফেলে এবং একটি টেবিল উল্টে দেয়। এরপর ফটকে তালা মেরে দেয় তাঁরা।
এরপরই বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, মেহেদী সজীব, নুরুল শহীদ এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থলে অবস্থান নেন। অবস্থান নেওয়ার পরে তালা খুলা নিয়ে কয়েকদফা ধ্বস্তাধস্তি চলে দুই পক্ষের মধ্যে। এসময় তারা তালা খুলে নিতে ছাত্রদলকে পাঁচ মিনিটের আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ে তালা না খুলায় বেলা সোয়া একটায় কোষাধ্যক্ষের কার্যালয়ে ঝুলানো তালা ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। তালা ভেঙে ফেলা হলেও উভয়পক্ষ ঘটনাস্থলে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এসময় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহের রহমান, মতিহার হল শাখা ছাত্রদলের সভাপতি হাসিম রানা ও ছাত্রদলের পক্ষে বিক্ষোভে সমাবেশে আসা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহির এবং ছাত্রশিবিরের কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন মনিরুল সহ অন্তত ৮জন আহত হয়েছেন।
ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, "আমরা বারবার দাবি জানিয়ে আসলেও প্রশাসন নিজের খেয়াল-খুশি মতো নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদেই আজ এখানে অবস্থান নিয়েছি।"
রাহী আরও বলেন, "আমরা কোনো ভাঙচুর করিনি। টেবিলটা শুধু সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।"
সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন,"আজকে মনোনয়ন বিতরণের শেষ দিনে সবাই মনোনয়ন নিতে আসছেন। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে যেন মনোনয়ন বিতরণ এবং নির্বাচন সম্পন্ন হয়।"
শাখা শিবির সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন,"আজ মনোনয়ন উত্তোলনের শেষ দিন। তাই আমরা শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন উত্তোলন করতে এসেছি। ছাত্রদল এক্ষেত্রে বাধা দিয়ে নির্বাচনের বিপক্ষ শক্তির পরিচয় দিয়েছে।"
প্রথমবর্ষের ভোটাধিকার বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, যখন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, তখন বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। এখন আর তাদের ভোটার করার সুযোগ নাই। তাঁরা আগামী নির্বাচনে ভোটাধিকার পাবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com