ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টা করতে গিয়ে এক দম্পতিকে আটক করা হয়েছে, যাঁরা রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাঁদের পুলিশ হেফাজতে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন—রোকেয়া বেগম ও তাঁর স্বামী মো. আনিস (৪০)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার বেলা ১১টার দিকে রোকেয়া বেগম ভুয়া কাগজপত্র নিয়ে ভোটার হতে আসেন। তাঁর কথাবার্তা ও কাগজপত্র সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে তাঁকে ইউএনও কার্যালয়ে নেওয়া হয়।
সোমবার সকালে এক যুবক এসে নিজেকে ওই নারীর স্বামী দাবি করেন। জিজ্ঞাসাবাদে দুজনই কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে জানান।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, আটককৃতরা নিজেরাই স্বীকার করেছেন তাঁরা রোহিঙ্গা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com