সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ভোর ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোংলায় পালিত হয়েছে হরতাল ও অবরোধ। সারাদিন সড়কে যান চলাচল বন্ধ থাকলেও বিকেল গড়াতেই ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
চারটি সংসদীয় আসন থেকে একটি কমানোর প্রস্তাবের প্রতিবাদে রবিবার (২৪ আগস্ট) সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল ও অবরোধে অচল হয়ে পড়ে মোংলার সড়কপথ ও নদীপথ। দীর্ঘ সময় যানবাহন বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে তবে বিকাল ৫টায় কর্মসূচি শেষ হওয়ার পর ধীরে ধীরে রাস্তায় নেমে আসে যানবাহন, স্বাভাবিক হতে শুরু করে জনজীবন।
মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জুলফিকার আলী বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের পরিবর্তে তিনটি আসনের প্রস্তাব দেওয়ার পর থেকে আমরা ধারাবাহিক আন্দোলন করে আসছি। কখনো সংবাদ সম্মেলন, কখনো সড়ক অবরোধ অবস্থান কর্মসূচি পালন করেছি। এরপরও নির্বাচন কমিশন প্রস্তাব থেকে সরে আসেনি। তাই আজ আমরা হরতাল ও অবরোধের ডাক দিয়েছি। সকল জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
নির্বাচন কমিশন যদি মনে করে বাগেরহাটে তিনটি আসন রাখবে, তা আমরা মেনে নেব না। বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে হবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। তবে দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com