কুষ্টিয়া প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পরে কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) দুপুর ১২ টার দিকে খোকসা পাইলট হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জি: জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী এ জেড জি রশীদ রেজা বাজু ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, আবু তালেব, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খোকন, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন প্রধান ও অধ্যাপক মাহবুব আলম বিশু, কুমারখালি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নওয়াব আলী, খোকসা উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত হওয়া আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নাফিজ আহমেদ রাজু, যুগ্ম আহবায়ক মোস্তাকসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও সার্বিক সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যক্ষ আনিস উজ জামান স্বপন।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানের ২য় অধিবেশনে কুষ্টিয়া জেলা বিএনপির দলীয় প্রধান নির্বাচন কমিশনার বিজ্ঞ পিপি অ্যাড. আব্দুল মজিদ নবাগত কমিটি ঘোষণা করেন। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য ফরম বিতরন ও জমা নেওয়া হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। খোকসা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিস উজ জামান স্বপন। এছাড়া দুইজন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমীনুর রহমান ও অধ্যাপক বাহারুল আলম। পরে দলের নেতাকর্মীরা নবাগত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে বেলা ১২টার দিকে শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিএনপির দলীয় সংগীতের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়৷
এসময় প্রধান বক্তা বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, বাংলাদেশের ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর সেদিন পাকিস্থানী বাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিলো, আর ২০২৪ সালের ৫ই আগষ্ট ফ্যাসিস হাসিনা সরকার তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ থেকে পরাজিত হয়ে ভারতে পালিয়ে গিয়েছে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতি করে। বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস সরকারের অত্যাচার অত্যাচারিত হয়েছে বিএনপির নেতৃবৃন্দ। তবুও বিএনপি এদেশের মাটিতে আছে, কিন্তু আওয়ামী লীগ যে ভাবে পালিয়েছে সেটা আপনাদের কাছে পরিস্কার হয়েছে। আওয়ামী ফ্যাসিস দুর্নীতির রাজনীতি করেছে। আমরা বিএনপি গনতন্ত্রে বিশ্বাসী, এক সময় এদেশে দিনের ভোট রাতে কায়েম করা হয়েছে। নির্বাচন কি সেটা তরুন প্রজন্ম জানে না। তাই বর্তমান অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি রোড ম্যাপ ঘোষণা করে, একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আর এদেশের মানুষের ভোটে আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যারা প্রচারনা চালাবেন তাদের শ্লোগান একটাই থাকবে ধানের শীষ প্রতীকের জয় হবে। পরবর্তীতে দল থেকে সংসদীয় আসনে যাকে মনোনীত করবে তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে৷
এদিকে অন্যান্য বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা উন্মুক্ত পরিবেশে কোন অনুষ্ঠান করতে পারি নাই। ফ্যাসিস আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের স্বাধীনতাকে হনন করেছে৷ জনগণকে জিম্মি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। গত বছরের ৫ আগষ্টের পরে জনগণ স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগের অত্যাচারে সেদিন ছাত্র জনতা এক হয়ে রাজপথে আন্দোলন করে, এ দেশ থেকে ফ্যাসিস আওয়ামী লীগকে বিদায় করেছে। আপনারা সজাগ থাকবেন। এদেশ থেকে আওয়ামী ফ্যাসিস সরকারের পতন হয়েছে ঠিকই। কিন্তু আমাদের আশেপাশে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com