আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা লাজফার্মা থেকে ভেজাল ও নকল ওষুধ কিনে প্রতারিত হয়েছিলেন মো: সাইফুল্লাহ আল রাব্বি। ওই অভিযোগের ভিত্তিতে খুলনার রয়্যাল মোড়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেন। সেই জরিমানার ২৫ শতাংশ টাকা তুলে দেওয়া হল অভিযোগকারীকে।
২০ আগস্ট বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার অভিযোগকারী মো: সাইফুল্লাহ আল রাব্বির হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সহ অন্যান্যরা।
জাতীয় ভোক্তা অধিকার দপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম গণমাধ্যম কর্মীদের বলেন, চলতি বছরের মে মাসে মো: সাইফুল্লাহ আল রাব্বি নামে একজন ভোক্তা তার মায়ের জন্য চুলকানি নিরাময়ের জন্য একটি লোশন ক্রয় করেন। যেটি ফিলিপাইনের তৈরি বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আসলে পণ্যটি ঝিনাইদহের একটি ভুয়া প্রতিষ্ঠানের তৈরি। সন্দেহ হলে তিনি বিষয়টি একই মাসের ৩১ তারিখে ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ জানায়।
উক্ত অভিযোগের ভিত্তিতে কার্যালয়ে ৩টি শুনানী হয়েছে। শুনানী শেষে ১৮ আগষ্ট খুলনা রয়্যাল মোডে লাজ ফার্মায় অভিযান চালায় ভোক্তা অধিকার। ওষুধসহ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ারের প্রতিনিধি মো: তানভীর আহমেদ পলাশকে নকল ও ভেজাল ওষুধসহ ভোক্তা অধিকারের কর্মকর্তারা আটক করে । পরবর্তীতে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com