জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
সম্প্রতি জকসু নির্বাচন ও সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “অন্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের জকসু আইন করা নেই, তাই আমাদের শূন্য থেকে কাজ করতে হচ্ছে। আমরা এর অনেকদূর এগিয়ে গেছি, যা শিক্ষার্থীরাও জানেন। এ নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি জকসু নির্বাচন দেওয়ার পক্ষে শতভাগ আছি। জকসু আইনে যেন শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয় সেজন্য সরাসরি তাদের মতামত নেওয়া হয়েছে এবং তা অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তবে নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে উপাচার্য সুস্পষ্ট কিছু জানাননি। তিনি বলেন, “এটা নিয়ে আমি সরাসরি কিছু বলতে চাই না। সময়মতো যদি আমরা পাই তাহলে পাবো।”
উল্লেখ্য, জকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের দাবি দীর্ঘদিনের হলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রশাসনের উদ্যোগের ফলে শিগগিরই এ দাবির বাস্তবায়ন ঘটবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com