সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় ডিভোর্সকে কেন্দ্র করে স্ত্রী রঞ্জিলা বেগমকে (৩৯) নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে স্বামী গোলাম মওলা দুলাল শেখ (৪৫)। বুধবার ভোরে ঢাকায় নেয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক দুলালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোংলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে দুলাল শেখের সাথে গাববুনিয়া গ্রামের ইদ্রিস শেখের মেয়ে রঞ্জিলা বেগমের তিন বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে শারীরিক নির্যাতন করে আসছিল দুলাল। এ নিয়ে একাধিকবার এলাকায় গ্রাম্য শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। নির্যাতন সহ্য করতে না পেরে দেড় মাস আগে দুলালকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন রঞ্জিলা।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বাবার বাড়িতে গিয়ে দুলাল কৌশলে রঞ্জিলাকে ডেকে নেয়। এরপর তার উপর কাঠের বাটাম দিয়ে আঘাত করে গুরুতর জখম করে রঞ্জিলা মাটিতে লুটিয়ে পড়ে যায়। দুলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ডাকচিৎকারে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার ভোর সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।
মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মোংলায় আনা হচ্ছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, ঘটনায় দুলাল শেখকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com