ব্যুরো রাজশাহীঃরাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ । আজ শুক্রবার দুপুরে পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করা হয়। মৃত চারজন হলেন মিনারুল ইসলাম (৩০) তাঁর স্ত্রী মনিরা খাতুন (২৭) ছেলে মাহিম (১৩) ও মেয়ে মিথিলা (৩)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রী-সন্তানদের শ্বাসরোধে হত্যার পর মিনারুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মিনারুলের নিজ ঘরের বিছানায় ছিল মনিরা ও শিশুকন্যা মিথিলা ও পাশের ঘরের বিছানায় পড়ে ছিল ছেলে মাহিমের লাশ। ছেলের ঘরেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিনারুল। ঘর থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এটি মিনারুল লিখে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হাতের লেখাটি মিনারুলেরই বলে জানিয়েছেন তার স্বজনেরা।
একটি চিরকুটে লেখা আছে, ‘আমি মিনারুল নিচের যেসব লেখা লিখব, সব আমার নিজের কথা। লিখে যাচ্ছি এ কারণে, আমরা চারজন আজ রাতে মারা যাব। এই মরার জন্য কারও কোনো দোষ নেই। কারণ, লিখে না গেলে বাংলার পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে। আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি। তারপর আমার মাহিনকে মেরেছি। তারপর আমার মিথিলাকে মেরেছি। তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি।’
আরেকটি চিরকুটে লেখা, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এ কারণে যে, আমি একা যদি মরে যাই, তাহলে আমার বউ, ছেলে, মেয়ে কার আশায় বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভাল হলো।’
গতকাল রাতে বাড়িতে এমন ঘটনা ঘটেছে পরিবারের কেউই টের পাননি। সকাল ৮টার দিকে মিমারুলের মা নাম ধরে ডেকেই যাচ্ছিলেন। সাড়া না পেয়ে বাড়ির লোকজন ঘরের টিনের ওপর উঠে ভেতরে তাকিয়ে দেখেন, ঘরে মিনারুলের মরদেহ ঝুলছে। পরে দুই ঘরের দরজা কেটে ভেতরে ঢুকলে চারজনেরই লাশ পাওয়া যায়। এরপর থানায় খবর দিলে পুলিশ আসে। প্রতিবেশী একজন বলেন,
‘মিনারুলের কয়েকটা কিস্তি ছিল। কিস্তির কারণে বাড়িতে থাকত না। মাঝে মাঝেই কিস্তির জন্য লোক আসত। আমরা বুঝিয়ে পাঠাতাম যে, মিনারুল বাড়িতে নাই। মিনারুল কখনো কৃষিকাজ, কখনো ট্রাকের হেলপার, কৃষিকাজ দিনমজুরের কাজ করতো।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ জানান, দুই দিন আগে মিনারুল তাঁর কাছে গিয়েছিলেন। বলেছিলেন, তাঁর ঘরে চাল ডাল খাবাী নেই। তিনি ২ হাজার টাকা বের করে দিয়েছিলেন হাট বাজার করার জন্য। চেয়ারম্যান জানান, মিনারুল আগে থেকেই ঋণগ্রস্ত। বছর তিনেক আগে তাঁরা পারিবারিক ভাবে এটা নিয়ে বসেছিলেন। পরে তার বাবা কিছু জমি বিক্রি করে ঋণ পরিশোধ করেন। কিন্তু পরে আবার লোন নিয়েছিলেন মিনারুল। এলাকার লোকজন বলেন, মিনারুল জুয়া খেলতেন। এ কারণে বার বার ঋণে ফেঁসে যেতেন।
এদিকে স্বজনদের আহাজারি সহ বার বার কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিল মিনারুলের বাবা মা।
সকালে খবর পেয়ে চুটে যান রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। ছেলেকেও শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। মিনারুল আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। আরও তদন্তের পর আমরা প্রকৃত কারণটা জানতে পারব।’ তিনি বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে। আর ঋণ ও জুয়ার বিষয়গুলো এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। চিরকুটের লেখাটা মিনারুলেরই। সেখানে আর্থিক সমস্যার কথা উঠে এসেছে। আমরা বিষয়গুলো তদন্ত করব।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com