খুলনা ব্যুরো : ৮ আগষ্ট শুক্রবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালি সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পাতার বিড়ি, ক্যান্সারের ওষুধ সহ মালামাল জব্দ করেছে সেনাবাহিনীর একটি বিশেষ দল ৷
কৈখালি ইউনিয়নের সুন্দরবনের খাল থেকে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে অবৈধ পথে ভারত থেকে আনা ১৫ বস্তা মালামাল উদ্ধার করা হয় এবং ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন--- ভেটখালী গ্রামের মৃত ফরুক গাজীর ছেলে আশরাফ হোসেন (২৮), কৈখালী গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে আজিজুল হক (৩৮), মনসুর মোল্লার ছেলে দেলোয়ার (৪৮), পারসেখালি গ্রামের মৃত মোহাম্মাদ মোল্লার ছেলে সোবহান মোল্লা (৪০)৷
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামালগুলো ভারত থেকে অবৈধভাবে শ্যামনগরে আনা হয়েছিলো ৷ অভিযানের পর আটককৃত আসামী ও জব্দকৃত মালামাল ক্যাম্পে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের নিকট মালামাল সহ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com