সন্তান জন্ম দেয়া এক নারী ও তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহিদুর রহমান। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড়ে সড়কের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে দেওয়ানহাট মোড়ে পুলিশ বক্সের বিপরীত পাশ থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। একসময় সড়কেই তিনি সন্তানের জন্ম দেন। তবে পথচারীদের কেউ এগিয়ে আসেনি। তার চিৎকার শুনে এক পুলিশ সদস্য এগিয়ে যান। পরে আরও কয়েকজন এসে তাদের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ওই নারীকে। অ্যাম্বুলেন্সে একজন সার্জেন্ট ছিলেন।
সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, সেখানে আমি, সার্জেন্ট আবদুল্লাহ আল মুজাহিদ ও কনস্টেবল মহিউদ্দিন ছিলাম। বাচ্চাটা সড়কে পড়ে ছিল। আমরা আশপাশে নারী পথচারীদের অনুরোধ করছিলাম ওই নারীকে ঢেকে দেয়ার জন্য। অনেক অনুরোধের পর দুজন এগিয়ে আসেন। তাদের সহায়তায় মা ও সন্তানকে অ্যাম্বুলেন্সে তুলি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com