আল মাহমুদ দোলন , পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুমন ট্রেডার্স নামের একটি সার ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ময়দানদিঘী বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ-অর-রশিদ এবং বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সেনাবাহিনীর একটি দল এবং বোদা থানা পুলিশের সদস্যরা।
জানা গেছে, বিএডিসি অনুমোদিত ডিলার সুমন ইসলাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও এমওপি সার বিক্রি করেন। সরকার নির্ধারিত টিএসপির দাম ১৩৫০ টাকা এবং এমওপির দাম ১০০০ টাকা হলেও তিনি পাশ্ববর্তী বেংহারী ইউনিয়নের খুচরা বিক্রেতা আজিবুল ইসলামের কাছে টিএসপি ১৮০০ ও এমওপি ১১৮০ টাকায় বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি প্রমাণিত হলে ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হয়। জব্দ করা সার বোদা উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।
অভিযানের সময় ডিলার সুমন ইসলাম দোকানে উপস্থিত না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের লিখিত আদেশে কৃষি বিভাগ বাদী হয়ে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বোদা কৃষি বিভাগ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com