মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৩ আগস্ট) দুপুর ১২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা হাসানুর রহমান সজীব ও সাকিবুজ্জামান সাকিব, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সদস্য ফয়সল আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় জুলাই আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক রেজাউল করিম রাজু, জাহিদ হাসান, ইসতিয়াক আহমেদ ইসহাক ও হাবিবুর রহমান।
সাংবাদিকদের স্মৃতিচারণে উঠে আসে ৪ আগস্টে ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের ওপর ভয়ঙ্কর নির্যাতন ও হামলার ঘটনা। ওই দিন সাংবাদিকদের রক্তে লাল হয় ওঠে পিচঢালা রাজপথ। মারাত্মকভাবে আহত হন সাংবাদিক আতাউর রহমান ও রুহুল আমিন রিপন।
সভায় বক্তারা বলেন, আন্দোলন ডালপালা মেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার। ছাত্ররা যখন বুঝতে পারল শান্তিপূর্ণ উপায়ে এ দাবি আদায় তৎকালীন সরকার মেনে নেবে না, তখন তারা সারাদেশব্যাপী প্রোগ্রাম ও আন্দোলনের ডাক দেয়। আন্দোলনের ওই ডাক মিডিয়া কভারেজ পাওয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারের ফলে আন্দোলনটি সহজেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com