কলাপাড়া উপজেলা সংবাদদাতা: লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছে।
এছাড়া গতকাল থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা। এদিকে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালীর পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লঘুচাপের কারনে,সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরতে শুরু করেছে সব মাছধরা ট্রলার,আলীপুর-মহিপুর মৎস্য বন্দরের খাপড়াভাঙ্গা নদীর দুপাশে শত শত ট্রলার নোঙর করে আছে।
বঙ্গোপসাগরে ৩ নাম্বার সতর্ক সংকেত হওয়ায় উত্তাল রয়েছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে সবকিছু উপেক্ষা করে আগত পর্যটকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।
শুক্রবার (২৫ জুলাই ) সকাল থেকেই উত্তাল সমুদ্রের বড় বড় ডেউ উপভোগ করতে ঘুরতে আসা পর্যটকরা হৈ-হুল্লোড় করছেন সৈকতের বালিয়াড়িতে। তবে অনেকে নির্দেশনা মেনে তীরে রাখা বেঞ্চিতে বসে উল্লাস করছেন।
ঘনঘন বৈরী আবহাওয়ায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে ভাঙন সৈকত ছাড়িয়ে বর্তমানে সাগর পাড়ের স্থাপনাগুলোর দিকে অগ্রসর হচ্ছে। সাগরের দিকে এগিয়ে যাচ্ছে সৈকতের জিরো পয়েন্টের বেড়ি বাঁধের সীমানা।
আলীপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামী বলেন, কিছুদিন সমুদ্র স্বাভাবিক ছিল, রাত থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হয়েছে তাই মাছ ধরা অধিকাংশ ট্রলার তীরে ফিরে এসেছে, দু-একটি ট্রলার সমুদ্র রয়েছে, তারাও রাতে মধ্যে তীরে ফিরে আসবে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, সমুদ্রে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। উপকূলীয় এলাকায় আগামী তিন দিন ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com