রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে। সমাবেশ ঘিরে লাখো মানুষের সমাগম ঘটেছে। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানী ঢাকায় এসেছেন দলটির বহু নেতাকর্মী ও সমর্থক।
জামায়াতের সমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই ঢাকার বেশ কিছু সড়কে যান চলাচলে ধীরগতি নেমেছে। কর্মস্থলমুখী মানুষকে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে দেখা গেছে।
সমাবেশ ঘিরে যানজট ও যান চলাচলে বিঘ্ন ঘটায় সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে জামায়াত। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুগল ম্যাপের ছবি পোস্ট করে এ দুঃখ প্রকাশ করা হয়।
পোস্টে লেখা হয়েছে- ‘সুপ্রিয় নগরবাসী, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সুবিধার্থে ম্যাপটি সংযুক্ত করা হলো।’
এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবিতে আয়োজিত এই সমাবেশ শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজারো কর্মী-সমর্থক অবস্থান নিয়েছেন উদ্যানে ও তার আশপাশে।
সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকের হাতেই ছিল দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’। অনেকেই দাঁড়িপাল্লা ও মনোগ্রাম খচিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে সমাবেশস্থলে উপস্থিত হন।
জামায়াতের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনাকে ঐতিহাসিক বলছেন দলটির নেতারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com