গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জুলাইয়ের শহীদেরা সারা দেশের মানুষকে এক সুতায় গেঁথেছিল। আবু সাঈদ বুকে গুলি নিয়ে সারাদেশে যে দাবানল সৃষ্টি করেছিলো, সেই দাবানলকে আমরা যদি বুকে ধারণ করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।
আজ ১৮ জুলাই, শুক্রবার, বিকাল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা লক্ষ্যে সমাবেশ ও শহীদি মার্চ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
তিনি আরো বলেন, পূর্বে আমরা দেখেছি মুষ্টিমেয় লোক ক্ষমতাকে কাজে লাগিয়ে ধন-সম্পদ আহরণ করে। এখনও আমরা দেখছি ক্ষমতাকে ব্যবহার করে কেউ কেউ দখলদারিত্ব চালাচ্ছে। কেউ চাঁদাবাজি প্রকাশ্যে করে, কেউ গোপনে ধন সম্পদ আহরণ করে। ক্ষমতা ব্যবহার করে যে দেশে ধন-সম্পদ আহরণ করা যায় সে দেশের কোন উন্নতি হয় না। জুলাই পরিষ্কার করে বলছে, এদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার দেশ। জনগণের মর্যাদা প্রতিষ্ঠার দেশ। তাই এই দেশে ক্ষমতাকে ব্যবহার করে যে ধন সম্পদ আহরণের প্রচেষ্টা করবে, তাদেরকেই প্রতিহত করতে হবে। জুলাই পরিষ্কার করে বলছে ঘৃণার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। এই ঘৃণার রাজনীতির পরিবর্তে আমরা বৈষম্যহীন অন্তর্বর্তীমূলক রাজনীতি চাই। আর এটাই হচ্ছে জুলাইয়ের রায়। তাই বলছি কেউ শহীদদের চেয়ে বড় হইতে চাইবেন না। তাহলে তার পরিণতিও ভালো হবে না।
সভাপতির বক্তব্যে তরিকুল সুজন বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী শাসনামলে সংগঠিত সকল গুম, খুন, লুটপাট সহ অবর্ণনীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অপ্রতিরোধ্য জীবনপন লড়াই হয়েছে। ছাত্র-জনতার এই জুলাই গণঅভ্যুত্থানে দলগতভাবে গণসংহতি আন্দোলন তার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়েছে। তাই শহীদ-আহতদের যথাযথ মর্যাদার সাথে স্মরণ এবং অভ্যুত্থানের আকাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা, দলের সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, ফতুল্লা থানার যুগ্ম আহবায়ক আব্দুল আল মামুন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com