এমকে ভুইয়া সোহেলঃ টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দাড়িয়াপুর গ্রামের লিটন (৪০) ও একই গ্রামের রফিক (৩৯)। ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার দেওবাড়ি গ্রামের বাসিন্দা। তার স্বামী বাক প্রতিবন্ধী।
মামলা সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাতে গৃহবধূর স্বামীর বাড়িতে তার শাশুড়ির সঙ্গে বিরোধ হয়। রাতেই কাউকে কিছু না বলে ওই গৃহবধূ বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাবার বাড়ি স্থানীয় ছিলিমপুরে আসার পথে পথিমধ্যে রাত ৩টার দিকে বড়মৌষা বাজার এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে কয়েকজন ব্যক্তি। এসময় তাকে ফুসলিয়ে ওই বাজারের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে অভিযুক্তরা তিনজনে মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতেও হুমকি-ধামকি দেয় অভিযুক্তরা।
এ ঘটনায় সোমবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ বাদী হয়ে সখীপুর থানায় তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, ওই গৃহবধূর স্বামী বাক প্রতিবন্ধী।রাতে পারিবারিক ঝগড়া হলে গৃহবধূ তার বাবার বাড়িতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। গৃহবধূরকে ডাক্তারি পরীক্ষা করতে সোমবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com