খুলনা ব্যুরো : খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খুলনা শহরের ব্যস্ততম সড়ক আহসান আহমেদ রোডে সিটি ল’ কলেজের সামনে উক্ত হামলার ঘটনা ঘটে।
আহত হাফিজুর রহমান খুলনা মহানগরীর আহসান আহমেদ রোড এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাফিজুর রহমান সিটি ল’ কলেজের সামনের একটি ফুচকার দোকান এবং কাঠ গোলার মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় মুখে মাস্ক পরা দুই যুবক অতর্কিতে তার পেছন থেকে ক্ষুর জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কয়েকবার আঘাত করে পালিয়ে যায়। হামলার আকস্মিকতায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে খুলনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
পুলিশ জানায়, ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা, পরিকল্পিত হামলা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টীম মাঠে কাজ করছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com