আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৯ জুলাই বুধবার খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা ও আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার ১৫ জন অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করেছেন। শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে প্রকাশ, গত ২৯ জুন দুপুরে তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ একটি নিয়মিত সাধারণ ডায়েরির অনুসন্ধানে বারাসাত গ্রামে অভিযানে যান। একপর্যায়ে তালিকাভুক্ত আসামী মোঃ পলাশ শেখকে চায়ের দোকানের পেছন দিক থেকে আটক করা হয়। তবে গ্রেফতারের মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পলাশ শেখের চিৎকারে সাড়া দিয়ে আশপাশের এলাকা থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায় এবং পলাশকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় এসআই রথীন্দ্রনাথ পোদ্দার, কনস্টেবল সোহেল রানা ও জয়ন্ত রায়সহ একাধিক পুলিশ সদস্য আহত হন। কনস্টেবল সোহেল রানার মাথায় রামদা দিয়ে কোপ মারার চেষ্টা করলে সেটি ডান বাহুতে লাগে, ফলে তিনি মারাত্মক জখম হন।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিনই এসআই মেহেদী হাসান বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
আত্মসমর্পণকারী ১৫ জন আসামি হলেন ------ আকাশ মোল্যা, শিমুল ফকির, সাইদ মোল্যা, জিকু মোল্যা, টুটুল মোল্যা, জুয়েল মোল্যা, ইমরান খলিফা, মুক্তার শেখ, ইব্রাহিম শেখ, রুবেল শেখ, মুরাদ শরীফ, আকাশ মোল্যা (২য়), ওবায়দুল মোল্যা, রহমান শেখ এবং তাকিদ মোল্যা। খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিজ্ঞ বিচারক মোঃ নাজমুল আহসান শুনানী শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “সরকারী দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর হামলা ও বাধা প্রদান অত্যন্ত গুরুতর অপরাধ। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং পলাতক আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com