খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি'র) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৯ জুলাই বুধবার দদুকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।
তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। মামলায় কেসিসির মেয়র ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য থাকাকালে তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে ১৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অপরদিকে, হাবিবুন নাহারের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান। উক্ত মামলায় বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী পদে এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে হাবিবুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী মামলা দুইটি রুজু করা হয়েছে ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com