আরফান আলী, শেরপুর: শেরপুর জেলা শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া তিনদিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চাঁদনী বেগম (৩০) নামের এক নারীকে আটক করা হয়।
শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রীবরদী উপজেলার করুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
আটক চাঁদনী বেগম ওই এলাকার চাঁন মিয়ার মেয়ে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, জেলার চাপাতলী মহল্লার ফিরোজ মিয়া ও আবেদা বেগম দম্পতির নবজাতক কন্যা সন্তানকে ইউনাইটেড হাসপাতাল থেকে শনিবার সকাল ৯টার দিকে চুরি করে নিয়ে যান চাঁদনী বেগম।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে চাপাতলী এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ হাসপাতালের সামনে এসে বিক্ষোভ করেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং নিরাপত্তার ঘাটতির অভিযোগ তোলেন।
এদিকে ঘটনার পরপরই পুলিশ নবজাতক উদ্ধারে অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত নারীকে শনাক্ত করা হয়। পরে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে একটি দল কুরুয়া কাজীপাড়ার চাঁন মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই নবজাতককে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়।
এসআই নুরে আলম বলেন, “অভিযানে নবজাতককে উদ্ধারসহ একজন নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অভিযান শেষে নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। সন্তান ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন নবজাতকের বাবা ফিরোজ মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com