আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া আইন-শৃঙ্খলার উন্নতি করা সম্ভব নয়। নির্বাচন যত দেরিতে হবে ততই সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা রাজপথে থেকে আন্দোলন করে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছি।
২৪ জুন মঙ্গলবার বেলা ২ টায় তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার সরকারের ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তারের দাবিতে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে স্থানীয় ফুলবাড়িগেট বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, যেভাবে আমরা হাসিনাকে ঐক্যবদ্ধভাবে বিদায় করেছি, সেভাবে আমাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐকবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দীপক কুমার সরকারের আগেই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় জিডি করলেও পুলিশ প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। দীপক কুমার সরকার হয়তো ভাবছেন তিনি হিন্দু বলে তার পক্ষে কেউ থাকবে না, তিনি হিন্দু বলে বিচার পাবেন না, তিনি সংখ্যালঘু বলে সমাজে তার অবস্থান থাকবে না। কিন্তু না- আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করিনা। আমরা মনে করি যার ধর্ম তার কাছে কিন্তু আমরা সবাই বাংলাদেশী। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খৃস্টান হোক বা মুসলমান হোক আমরা সবাই মিলে বাংলাদেশী।
বিএনপি'র কেন্দ্রীয় নেতা বকুল আরও বলেন, ভবিষতে যদি খানজাহান আলী থানাসহ খুলনা নগরীর কোথাও সন্ত্রাসী কর্মকান্ড চলে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে প্রতিহত করবো ইনশাল্লাহ।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের পরিচালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন--- খুলনা মহানগর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, রেহানা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মুর্শিদ কামাল, এ্যাডভোকেট মোহাম্মাদ আলী বাবু, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, মোল্লা সোহাগ, মতলুবুর রহমান মিতুল, জাকির ইকবাল বাপ্পি, বিপ্লবুর রহমান কুদ্দুস প্রমূখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com