রাবি প্রতিনিধি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।
গত ১৮ থেকে ২০ জুন ২০২৫ পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চলমান বিজ্ঞানমেলার দ্বিতীয় দিনে (১৯ জুন, বৃহস্পতিবার) রাবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে শো প্রদর্শন করা হয়। ক্লাবের বর্তমান সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোফা এবং সাধারণ সম্পাদক মো. রবি উস সানি স্বপন-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি সায়েন্স শো প্রতিনিধি দল এই আয়োজনে অংশ নেয়।
এই আয়োজনে রাবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে মোট ১০টি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট প্রদর্শন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল-‘ইনস্ট্যান্ট আইস, ভ্যানিশিং গ্লাস, লেজি বল এক্সপেরিমেন্ট, সিংগিং পাইপ, দৈত্যের ধোঁয়া ইত্যাদি। এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন জেলা থেকে আগত প্রায় সাত শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে সরাসরি উপস্থাপন করা হয়, যা দর্শকদের মাঝে উদ্দীপনা ও ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
সায়েন্স শো শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর অরুন কুমার বসাক বলেন, "রাবি সায়েন্স ক্লাবের বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীগুলো দর্শনার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এমন উপস্থাপনা আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।"
এই আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সহ-সভাপতি দীপ অধিকারী, সাবেক সভাপতি মো. ইশতেহার আলী, সাবেক সভাপতি মাসুদ এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাহি জান্নাতি অনন্যা। তাঁদের উপস্থিতি ক্লাবের ঐক্য, ধারাবাহিকতা ও আন্তঃসম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।
উক্ত সায়েন্স শো-তে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সুলাইমান, মাহমুদুল হক ভূঁইয়ান, আব্দুল্লাহ আল মামুন অন্তু এবং মো.সোহান তানভীর।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com