খুলনা ব্যুরো : খুলনায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১৬ জুুন সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক সুমি আহমেদ উক্ত রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উক্ত আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন---খুলনা মহানগরীর থানাধীন বণিকপাড়া খানাবাড়ির বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ নুরুল ইসলাম সুমন এবং খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা রং মিল সংলগ্ন সাগর ভিলার বাসিন্দা শেখ আশরাফুল ইসলামের ছেলে জুয়েল মাহমুদ সাগর।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩০ জুলাই রাতে খুলনার খালিশপুর থানার পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দুইজন যুবক একটি লাইলনের ব্যাগে ৪০ বোতল ফেন্সিডিল নিয়ে খালিশপুর হয়ে দৌলতপুরের দিকে যাবে। এমন সংবাদ পেয়ে সেই রাতে খালিশপুর থানার পুলিশ গোয়ালখালী কবরস্থানের সামনে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করতে থাকে। রাত ১১ টা ১০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে ২ জন জোড়াগেট পার হয়ে সামনের দিকে যাচ্ছে। এসময়ে পুলিশ মোটরসাইকেলটিকে সিগনাল দিলে তারা গতি কমিয়ে পুনরায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে থাকা লাইলনের ব্যাগে ৪০ বোতল ফেন্সিডিল আছে বলে স্বীকার করে। উপস্থিত জনতার সামনে পুলিশ উক্ত ব্যাগ থেকে উল্লেখিত পরিমাণ ফেন্সিডিল বের করে।
এ ঘটনায় সেদিন রাতে খালিশপুর থানার এসআই মতিউর রহমান বাদী হয়ে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন এবং একই বছরের ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আনোয়ার হোসেন তাদের দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com