আজ ১১/০৬/২০২৫খ্রিঃ,রোজ বুধবার জৈষ্ঠ্য মাসের শুক্লপক্ষের পূণির্মা তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেবের মহা স্নানযাত্রা মহা-মহোৎসব।।
জ্যৈষ্ঠের খরতাপে যখন চারিদিক পুড়ছে সেই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে জগন্নাথ দেব ১০৮ কলস জল দিয়ে স্নান করেন। এই স্নানই জগন্নাথ দেবের স্নানযাত্রা নামে পরিচিত। আর জগন্নাথ দেবের সেই পবিত্র স্নানযাত্রার তিথিটিই হচ্ছে জৈষ্ঠ্য পূর্ণিমা বা দেবস্নানা পূর্ণিমা।
স্কন্দপুরাণ অনুসারে,, পুরী রাজ ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রবর্তক। এই দিন দারুব্রহ্মকে স্নান করানো হয় বলেই এর নাম দেবস্নানা পূর্ণিমা। এটি বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন।
স্নান পর্ব সম্পন্ন হওয়ার পর গজবেশে সাজানো হয়। এরপর জগন্নাথ ১৫ দিন প্রভু অসুস্থ হয়ে (জ্বরে আক্রান্ত হয়ে) লোকচক্ষুর অন্তরালে থাকেন যা অবসর বা অনাসর কাল নামে পরিচিত।
স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, “জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রী হরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে। এমন কি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নান যাত্রা মহোৎসব দর্শন করেন, তাঁর সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়। তাকে আর শোক করতে হয় না।
জৈমিনি ঋষি স্নান যাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন,, ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সংশয় নেই।”
স্কন্দপুরাণে জৈমিনি ঋষি আরোও বলেছেন,,,
“যদি কেউ আন্তরিকতার সাথে স্নান কালে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়।”
স্নানযাত্রা কি?
জৈষ্ঠ্য পূর্ণিমার মহেন্দ্রক্ষনে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটিই হচ্ছে স্নানযাত্রা। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নান যাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারনে দেবস্নানা পূর্ণিমার পূণময় তিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন। এদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারুব্রহ্ম রূপে অবস্থান করেন।
পুরীধামে স্নানযাত্রার বিশেষ রীতি রেওয়াজ :
স্নানযাত্রার ঠিক আগের দিন পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে আসা হয় বিশেষভাবে তৈরি করা স্নান বেদীতে। পুরীর মন্দিরপ্রাঙ্গনে বিশেষ ভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গনের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমূহ স্পষ্টভাবে অবলোকন করা যায়। শুধু তাই নয়, নানা রকমের ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় এই স্নান মন্ডপটিকে। এরপর আসে স্নানযাত্রার দিন। এদিন মন্দিরের দেবতা বিগ্রহদের স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ।
শুধুমাত্র জগন্নাথ দেবেকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনাকুয়া নামের এক বিশেষ ধরনের কুয়া। জনশ্রুতিতে শোনা যায় এই কুয়াতে নাকি কখনো সুর্যের আলো পড়েনি। যাইহোক, এই কুয়া থেকে স্নানযাত্রার জল আনেন পুরোহিত এবং সেবকগণ। জল আনার সময় পুরোহিত ও সেবকগণ তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখেন, যাতে তাদের মুখনিঃসৃত কোন কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও যেন জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয়। এই জল একে একে এনে রাখা হয় ১০৮টি সোনার ঘড়ায়। এই জলে মিশ্রিত হয় নানা রকমের সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান। তাছাড়া মন্ত্রোচ্চারণের মাধ্যমেও শুদ্ধিকরণ করা হয় জগন্নাথ দেবের স্নানের এই জল। অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্রকরে সমানতালে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা। জগন্নাথ,বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় প্রলেপ। ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ। আর থাকে সুগন্ধি ধূপ ও ধুনো। এরপর শুরু হয় মূল স্নানপর্ব।
বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খনাদে আধাত্ম্যিক এক পরিবেশের সূচনা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে। আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জলাভিষেক। ক্রমে ক্রমে ১০৮ ঘড়া জলে স্নানকার্য সম্পন্ন হয় জগন্নাথদেবের।
শ্রীশ্রী জগন্নাথদেবের গজবেশ :
স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলা স্নানপর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তীমুখ-বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় ‘গজবেশ’। পাশাপাশি সুভদ্রাদেবী ধারন করেন পদ্মবেশ।
কিন্তু জানেন কি কেন প্রভু জগন্নাথ এই গজবেশ ধারন করেন....???
উৎকল ভাষায় রচিত ‘দার্ঢ্যতাভক্তি’ নামক একটি গ্রন্থ থেকে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়.....
একবার কর্ণাট দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাক্ষ্মণ নীলাচলে স্নান যাত্রায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু তিনি গানপত্য বা গনেশের উপাসক ছিলেন বিধায় শ্রীজগন্নাথের মন্দির পরিদর্শনে আগ্রহী ছিলেন না। রাজা তাঁকে বোঝালেন, “শ্রীজগন্নাথ সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত, গণেশ তারই এক রূপভেদ মাত্র।” রাজার নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাক্ষ্মণ মন্দির পরিদর্শনে গেলেন। দিনটি ছিল স্নান যাত্রার দিন। ব্রাক্ষ্মণ গণপতি ভট্ট বিগ্রহ গনের সামনে দাড়িয়ে বললেন , “ হে দারুব্রহ্ম, আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন , তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্যদেব শ্রীগনেশের রূপ প্রদর্শন করান।”
এর পরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। শ্রীজগন্নাথ সেই ব্রাহ্মণের প্রতি অহৈতুকী কৃপা প্রদর্শনের সংকল্প করে নিজেকে গনেশ রুপে পরিবর্তীত করেন। শুঁড় যুক্ত সহাস্য বদন জগন্নাথকে দর্শন করেন।
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাইয়ের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে শ্রীশ্রী যশোমাধব দেবের স্নানযাত্রা উৎসব পালন করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com