খুলনা ব্যুরো : খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন সংলগ্ন আঠারোবেকী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৯ জুন সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে স্থানীয়দের সহায়তায় রূপসা নৌ-পুলিশ উক্ত মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে আঠারোবেকী নদীর কচুরীপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখে বিষয়টি রূপসা থানায় অবগত করে। থানা পুলিশ বিষয়টি নৌ-পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তারা মরদেহ উদ্ধার করে ।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশ, রূপসার ইনচার্জ আবুল খায়ের বলেন, থানা থেকে সংবাদ দিলে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহটি স্থানীয়দের সহায়তায় উপরে আনা হয়। মৃত যুবকের বয়স আনুমানিক ৩৮-৪০ বছর হবে। তার গলায় একটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তার পরনে ব্লু রংয়ের একটি ট্রাউজার এবং উপরিভাগে কোন কিছু ছিল না। লাশটি ২/৩ দিন আগের হতে পারে বলে ধারণা করা হচ্ছে । অজ্ঞাত উক্ত যুবকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
মরদেহের সুরতহাল সম্পন্ন করে থানায় সাধারণ ডায়েরী করার পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com