আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : এবারের ঈদে খুলনার ব্যাংকগুলো নতুন নোট পায়নি । নকশা বিড়ম্বনার কারণে গত রোজার ঈদের সময়েও বাজারে নতুন টাকা ছাড়া হয়নি। এবারের ঈদুল আজহার আগে গত ১ জুন থেকে বাজারে নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
অথচ নতুন ছাপা হওয়া এই নোট খুলনায় আসেনি। বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ে নতুন নোট না পৌঁছানোর কারণে সরকারি-বেসরকারি কোনো ব্যাংকই নতুন নোট পায়নি। এব্যাপারে গ্রাহকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর টাকা ছাপানো বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। ছেঁড়াফাটা ও পুরোনো ময়লা নোটে বাজার সয়লাব হয়ে যায়। এ জন্য নতুন টাকার চাহিদা এখন তুঙ্গে।
বাংলাদেশ ব্যাংক, খুলনা'র আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ব্যাংকিং) মনজুর রহমান জানান, ৪ জুন বুধবার বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ে কোনো নতুন নোট পৌঁছেনি, সেজন্যে তফসিলী ব্যাংকগুলোকে আমরা নতুন প্রিন্ট হওয়া নোট সরবরাহ করতে পারেনি।
নতুন নোট না পাওয়ায় বিপাকে রয়েছে খুলনার তফসিল ব্যাংকগুলো। গ্রাহকরা দিনভর নতুন নোটের জন্য ঘোরাঘুরি করেছেন। নোট না পেয়ে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
অগ্রণী ব্যাংকের একজন উর্ধতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক আমাদের নতুন নোট সরবরাহ করতে পারেনি বিধায় আমরা গ্রাহকদের নতুন নোট দিতে পারিনি।
জনতা ব্যংকের একজন কর্মকর্তাও অনুরুপ কথা বলেছেন।
ঈদে নতুন নোট বিক্রি করে জীবিকা নির্বাহ করা ব্যবসায়ীরাও এবার কষ্টে রয়েছেন। পরপর দুই ঈদে নতুন নোট না পাওয়ায় অনেকের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে দেখা গেছে, অনেকেই নতুন নোট সংগ্রহ করতে যাচ্ছেন। কিন্তু হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে সবাইকে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com