আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত জোড়াগেট কোরবানীর পশুর হাট জমে ওঠেনি এখনও । ৪ জুন বুধবার সকাল ৯টা পর্যন্ত হাটে গরুর সংখ্যা এবং ক্রেতা দুটোই কম ছিল।
গত ১ জুন থেকে খুলনা নগরীর জোড়াগেটে কোরবানীর পশুর হাট শুরু হয়। সাধারণত ঈদের আগের দুইদিনে হাট জমে ওঠে। ৪ জুন বুধবার সকাল ১০ টা পর্যন্ত হাটে ৭৮টি গরু এবং ৪৭টি ছাগল বিক্রি হয়েছে।
গতবছর এই হাটে ৬ হাজার ২৬৮টি কোরবানীর পশু বিক্রি হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৮২টি গরু, ২ হাজার ১৬২টি ছাগল, ১২২টি ভেড়া এবং দুটি মহিষ। এ থেকে কেসিসির রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৫২৭ টাকা।
এবছর গরু আমদানি অন্যান্য বছরের তুলনায় কম। খুলনাসহ পাশ্ববর্তী উপজেলা থেকে আনা গরুর সংখ্যাই বেশি। বেশিরভাগ গরু বড়, আর সেজন্যে দামও চড়া।
নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে গরু নিয়ে আসা ব্যাপারী ইউছুপ শেখ বলেন, হাটে বিক্রির জন্য ৬টি গরু এনেছেন, আরও ৫টি গরু বাড়িতে রয়েছে। দাম ভালো পেলে এই হাটে আনবেন, তা না হলে বৃহস্পতিবার সকালে ঢাকায় নিয়ে যাবেন। প্রতিটি গরু দুই লাখ টাকা করে দাম নির্ধারণ করেছেন তিনি।
কেসিসির হাট পরিচালনা কমিটির সদস্য সচিব ও এস্টেট অফিসার শেখ সালাউদ্দিন জানান, হাটে বিভিন্ন উপজেলা থেকে গরু আসছে। শহরের মানুষের গরু কিনে রাখার জায়গা নেই। এজন্য ২/৩ দিন আগে হাটে বিক্রি বাড়ে। ক্রেতার সুবিধার জন্য এবছর হাসিল ১ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। আগামীকাল ( বৃহস্পতিবার) থেকে পুরো দমে বেচাকেনা শুরু হবে বলে আশা করেন তিনি ।
খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১৬৯টি পশুর হাট বসেছে। এর মধ্যে স্থায়ী হাটের সংখ্যা ১২০টি এবং অস্থায়ী পশুর হাট রয়েছে ৪৯টি। হাটগুলোর মধ্যে খুলনায় ২২টি, বাগেরহাটে ৩৩, সাতক্ষীরায় ১৫, যশোরে ১৯, ঝিনাইদহে ২২, মাগুরায় ১৯, নড়াইলে ৮, কুষ্টিয়ায় ১৭, চুয়াডাঙ্গায় ৮ এবং মেহেরপুরে ৬টি হাট স্থাপন করা হয়েছে। খামারি ও গরু ব্যবসায়ীরা ইতোমধ্যেই এই হাটগুলোতে পশু আনতে শুরু করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com