আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জে শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়া শেষে মেয়ে জামাই 'গৌতম চন্দ্রের' আত্মীয়-স্বজন সবাই বাড়ি ফিরছিলো।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩ টার দিকে দেবীগঞ্জ পৌরসভা পাকুরিতলা এলাকার মদিনা কোল্ড স্টোরেজ সংলগ্ন বোদা - দেবীগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
শ্যামলী রানীর ভাই গৌতম চন্দ্র জানান, আমার শাশুড়ি মারা যান। পার্শ্ববর্তী ডোমার উপজেলার ভোগডাবুরি ইউনিয়নের ভাঙ্গাপাড়া আনন্দবাজার এলাকায় শশুরবাড়ি। শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়া শেষে সবাই বাড়ি ফিরছিলো অটোতে করে।
যাদের মধ্যে ছিলেন তার বাবা, বোন, বৌদি, ভাগ্নে এবং ভাগ্নি। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। তাদের বাড়ি পামুলী ইউনিয়নের ভুবনপাড়া এলাকায়।
নিহতরা হলেন বোদা উপজেলার সাকোয়া এলাকার তাপস চন্দ্র রায়ের স্ত্রী শ্যামলী রানী রায় (৩০), দেবীগঞ্জ উপজেলার রাজার হাট এলাকার হরেন্দ্র নাথের মেয়ে দেবশ্রী রায় (৭) এবং পামুলী ইউনিয়নের জোতভূবন পাড়া এলাকার অরুন চন্দ্র রায়ের স্ত্রী ভরসা রানী (৩৫)। নিহত দেবশ্রী এবং শ্যামলী সম্পর্কে খালা-ভাগ্নি হন।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দেবীডুবা ইউনিয়নের লক্ষীর হাট এলাকার সুরেন্দ্র নাথের ছেলে অজয় কুমার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে অজয় রায়ের বেয়াইন মারা যান। বৃহস্পতিবার সকালে অজয় তার পরিবারের সদস্যদের নিয়ে মৃত বেয়াইনকে দেখতে চিলাহাটি ইউনিয়নে যান। ফেরার পথে তারা একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাকুরীতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই শ্যামলী রানী মারা গেলে তার মরদেহ দেবীগঞ্জে ফিরিয়ে আনা হয়। পরে হাসপাতালে পৌঁছে মারা যায় দেবশ্রী রায় এবং চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে মারা যান ভরসা রানী। নিহতের স্বজনরা জানান, আহত অজয়ের অবস্থাও আশঙ্কাজনক।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ঘাতক ট্রাকটিকে সিসি ক্যামেরা দেখে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com