ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারা গেছে তিনটি গরুও। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার চরমোহনপুর, বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।
মৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের মেঘু মণ্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের জালাল আলী (৩১) ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বিশারত আলীর ছেলে তাসবুর আলী (৪৮)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সদর উপজেলার চরমোহনপুর এলাকার মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হন খাইরুল ইসলাম। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জালাল আলী ও তাসবুর আলী। এ সময় বজ্রপাতে তিনটি গরুও মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন বলেন, ‘বজ্রপাতে তিনজনের মৃত্যু খবর পাওয়া গেছে। তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com