আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা সংবাদদাতা: র্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের অভিযানে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি সহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা গেছে , সুনিদৃষ্ট তথ্যের ভিত্তিতে ১৫ মে ২০২৫ তারিখে বিকেল ৩ টা ৫ মিনিটে র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর একটি অভিযানিক দল দেবীগঞ্জ থানার ৮ নম্বর দণ্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামের, গাধোয়া পুকুর সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযানে মুকুল (৪২), পিতা, ওমর আলী এর বাড়ির উঠানে ৩২ ইঞ্চি দৈর্ঘ্য, ১৩.৫ ইঞ্চি প্রস্থ এবং ৩৩.৫০০ কেজি ওজনের একটি কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
এ সময় আবু বক্কর সিদ্দিক (২৯),পিতা মোবারক শেখ, মা- ফজিলা বেগম, সাং- মাদারের ঝাড়, ডাকঘর- পামুলী, থানা দেবিগঞ্জ, জেলা-পঞ্চগড় কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালানের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com