আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। ৬ মে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে তাদেরকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিব।
৭ মে বুধবার বেলা ১১ টা ১২ মিনিটে এব্যাপারে কথা হয় বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খাযরুল বাশারের সঙ্গে ; তিনি তরঙ্গ নিউজকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিবকে আটক করে।
এ সময়ে তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি ওয়ানশুটার গান, ১৭ বোতল বিদেশী মদ, দেড় কেজি গান পাউডার, রাম দা, চাপাতিসহ অনেকগুলো দেশীয় অস্ত্র, দুটি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওসি মোস্তফা আরও জানান, তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। আসামীদের বটিয়াঘাটা থানায় আনা হয়েছে এবং মামলার পূর্ণ প্রস্তুতি চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com