জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় ‘নিরপেক্ষ তদন্ত’ করতে ইসলামাবাদ প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবারের হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ কথা জানালেন শেহবাজ।
শনিবার (২৬ এপ্রিল) অ্যাবোটাবাদের একটি সামরিক একাডেমিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শরীফ বলেন, ‘পাকিস্তান যেকোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য প্রস্তুত।’
এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তানি বাহিনী ‘দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত।’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে ‘আন্তর্জাতিক তদন্তকারীদের’ পরিচালিত যেকোনো তদন্তে পাকিস্তান সহযোগিতা করতে প্রস্তুত, বলার পর এই মন্তব্য করলেন শেহবাজ।
জম্মু ও কাশ্মীরের পহেলগামের কাছে বৈসারন উপত্যকায় মঙ্গলবার ভয়াবহ হামলা চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন পর্যটক নিহত হন এবং আহত হন বেশ কয়েকজন।
এরপরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়, যার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করা অন্তর্ভুক্ত। নয়াদিল্লি আত্তারি সীমান্তে সমন্বিত চেক পয়েন্টও বন্ধ করে দেয়।
আত্তারি স্থল সীমান্ত দিয়ে দেশে প্রবেশকারী সমস্ত পাকিস্তানি নাগরিকদেরও ১ মে এর মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। এর জবাবে পাকিস্তানও বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ গ্রহণ করে।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ দাবি করেছেন যে ভারত ‘অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে’ সিন্ধু জল চুক্তি স্থগিত করার জন্য এই হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন যে নয়াদিল্লি ‘কোনো প্রমাণ এবং তদন্ত ছাড়াই’ ইসলামাবাদকে শাস্তি দেয়ার পদক্ষেপ নিয়েছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মারাত্মক হামলার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন। বলেছেন যে নয়াদিল্লি ‘পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসীদের তাড়া করবে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com