চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় রিকশাসহ নালায় পড়ে যাওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে চাক্তাই খালে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি জানান, খালে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে উদ্ধারকর্মীরা গিয়ে তা উদ্ধার করেন।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার থানার কাপাসগোলা এলাকার নবাব হোটেলের পাশের হিজরা খালের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্যাডেলচালিত রিকশা নালায় পড়ে যায়। রিকশাটিতে শিশু সেহরিশ ছাড়াও ছিলেন তার মা সালমা ও দাদি আয়েশা। দুর্ঘটনার পর সালমা ও আয়েশাকে উদ্ধার করা গেলেও সেহরিশ নিখোঁজ ছিলেন।
নালায় পড়ে যাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং নৌবাহিনীর ডুবুরি দল রাতভর অভিযান চালায়। শনিবার সকালে বিশেষ ডুবুরি দলের চিরুনি অভিযানে কিছুক্ষণ পরই খালে ভেসে ওঠে শিশুটির নিথর দেহ।
শিশু সেহরিশের মামা মারুফ জানান, আসাদগঞ্জ থেকে তার বাসায় বেড়াতে আসছিল সেহরিশ, তার মা ও দাদি। কাপাসগোলায় রাস্তার ওপর পানি থাকায় একটি রিকশা করে এগোচ্ছিল তারা। কিন্তু খালের পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলায় রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com