কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় কোটাবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামিকে অংশ গ্রহণ করতে দেখা গিয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উদযাপনে জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রার প্রথম সারিতে ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মোকাররম হোসেন মোয়াজ্জেম।
তিনি কুষ্টিয়া পৌরসভার ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহরের বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।
গত বছরের ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে হত্যা চেষ্টা মামলা হয়। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এদিকে বাংলা নববর্ষের মতো গুরুত্বপূর্ণ দিনটিতে জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান এর সাথে শোভাযাত্রার ব্যানারে মামলার আসামি ও আওয়ামী লীগ নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও সাধারণ মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এতে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। এব্যাপারে জেলা প্রশাসক তৌফিকুর রহমান কিছু জানেন না বললেও" শোভাযাত্রায় মোকাররম হোসেন মোয়াজ্জেম এর উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি ছিলো। এরই অংশ হিসেবে সোমবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখে সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌর সভা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শহরের মজমপুর গেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বনবীথিতে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এসময় জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রার ব্যানার ধরে প্রথম সারিতে জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগনের সাথে হত্যা চেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকেও দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মোকারম হোসেন মোয়াজ্জেম গত বছরের ৫ আগস্ট কোটাবিরোধী আন্দোলনের সময় তামজিদ হোসেন জনি নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি। ওই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুবউল আলম হানিফ। এছাড়া উক্ত মামলায় আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের আরো ৭৩ জনের নাম উল্লেখ্য ছাড়াও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গত বছরের ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ওই মামলার বাদী ভুক্তভোগীর বড় ভাই জিলহজ হোসেন।
মামলার বিষয়ে মোকারম হোসেন মোয়াজ্জেম অস্বীকার করেন। তিনি বলেন, সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলাম। মামলার প্রমাণ রয়েছে বিষয়টি জানালে" পরে তিনি মামলার বিষয় স্বীকার করেন এবং বলেন দেখা করে সব বলবো।
এবিষয়ে কুষ্টিয়া নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহা বলেন, একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি বলব, যারাই ফ্যাসিস্টদের সহযোগীদের নিয়ে পথ চলবে, তারাই নিন্দনীয় হবে। সে, আমি হই, ডিসি হন, এসপি হন, বিএনপি হোক আর জামায়াত হোক।
এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এমনাটা কেন হলো। ডিসির ব্যানারে কারা দাড়াচ্ছেন খোজ নিয়ে শোভাযাত্রা করতো। ব্যাপারটি নিয়ে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, কোনোভাবেই আমি কিছু জানি না। এখনই খোজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, আমি তাকে চিনি না। বর্ষবরন অনুষ্ঠানে সকলে ব্যস্ত ছিলো। আনন্দঘন পরিবেশে খেয়ালও করিনি। মোকাররম হোসেন মোয়াজ্জেম তিনি মামলার আসামি হলে আমি জেলা পুলিশকে দ্রুত সময়ে ব্যবস্থা নিতে বলবো। আমরা তাকে চিনতে না পারাই এমনটা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com