কল ছাড়লেই বের হচ্ছে দুর্গন্ধযুক্ত ময়লা পানি ও পোকা। এ পানি পান না করলেও বাধ্য হয়ে বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করছে মানুষ। গত এক সপ্তাহ ধরে এমন অবস্থা রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও,কল্যাণপুর, মগবাজার ও মধুবাগে। বাসা-বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করেও মিলছে না সমাধান। এলাকাবাসীর অভিযোগ, পানিতে পোকামাকড়ের উৎস ওয়াসার সাপ্লাই পাইপ।
তেজকুনিপাড়ার এক বাসিন্দা জানান, এই পানিতে গোসল ও রান্না করতে সমস্যা। বাসার ছেলে-মেয়েরা পানি পান করতে চায় না। পাম্প থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে। আরেক বাসিন্দা জানান, পানির ট্যাংক পরিষ্কার করলেও কোন সমাধান পাচ্ছে না তারা। পরে আবার পোকা ও ময়লা আসতে থাকে।
মগবাজারের এক বাসিন্দা জানান, গত দেড় মাস ধরে পানি একদম ব্যবহার করা যাচ্ছে না। ওয়াসার পানিতে দুর্গন্ধ। আগে ওয়াসার লাইনের পানি ফুটিয়ে পান ও রান্নার কাজে ব্যবহার করা যেত। এখন ট্যাপ ছাড়লেই পানিতে পোকা আসছে। ট্যাপের মুখে কাপড় বেঁধে চালিয়ে নিচ্ছি।
ভুক্তভোগীরা জানান, ময়লা পানি ব্যবহারের কারণে হরহামেশাই দেখা দিচ্ছে পেটের অসুখ ও চর্মরোগ।
ওয়াসার উপসহকারী প্রকৌশলী তৌফিক আহমেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, ঠিকমতো ট্যাংক পরিষ্কার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। লাইনের পানি পরিষ্কার আছে, ট্যাংক ঠিকভাবে পরিষ্কার করলে স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়ে যাবে।
তবে বাসা-বাড়ির পানির ট্যাংক ঠিকমতো পরিষ্কার না করার অভিযোগ নাকচ করছে এলাকাবাসী। এ অবস্থায় ওই এলাকায় ওয়াসার পানির পাইপের মান পরীক্ষা করে দেখার আশ্বাস দেন পরিদর্শনে আসা ওয়াসার কর্মকর্তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com