কুষ্টিয়া প্রতিনিধিঃ তারুণ্যের অংশগ্রহণ" খেলাধুলায় মানোন্নয়ন" স্লোগানে কুষ্টিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয় (কালেক্টরেট চত্বর) সামনে থেকে একটি র্যালি বের হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ সহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন খেলোয়াড়, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়। দেশ বদলের প্রত্যয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারুণ্য নির্ভর বাংলাদেশের এ বিশাল জনগোষ্ঠীকে পুনর্জীবিত করতে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করেছে। সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যবোধের মেলবন্ধনে আয়োজিত এই উৎসবে তরুণরা দেশ পুর্নগঠনে তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতা ও মননশীলতার স্বাক্ষর রেখেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com