কবি আশরাফ জুয়েল একজন প্রতিভাবান কবি ও চিকিৎসক, যিনি একাধারে একজন চিকিৎসক ও কবি। তিনি তাঁর সাহিত্যকর্ম ও চিকিৎসা পেশায় সমানভাবে অবদান রেখেছেন। তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়েই আজকের এই লেখা!
কবি আশরাফ জুয়েল ১৯৭৭ সালের ৩০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন একজন ব্যাংকার। পিতা ব্যাংকিং পেশার কারণে দেশের বিভিন্ন স্থানে ঘুরতে হয়েছে তাকে। যা তার শৈশবকে করে তুলেছিল বৈচিত্রময়! কবি আশরাফ জুয়েল মনে করেন, নানান জায়গার বিচিত্র সব অভিজ্ঞতাই তার লেখক সত্ত্বাকে আরো শক্তিশালী করে তুলেছিল!
শৈশবে বিভিন্ন স্থানে বসবাসের ফলে আশরাফ জুয়েল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার স্বপ্নে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকেই তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
এমবিবিএস সম্পন্ন করার পর ২০০৫ সালে আশরাফ জুয়েল ঢাকায় এসে বারডেম হাসপাতালে চাকরি শুরু করেন। এরপর বিভিন্ন হাসপাতালে কাজ করে বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) কর্মরত রয়েছেন। প্রায় ২০ বছর ধরে তিনি এই ক্ষেত্রে কাজ করছেন।
আশরাফ জুয়েল ২০১৪ সালে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। তাঁর প্রথম গ্রন্থ 'যুদ্ধ ছাড়া শুদ্ধতা অসম্ভব' প্রকাশিত হয় সেই বছর। এরপর একে একে সাতটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে চারটি কাব্যগ্রন্থ। তাঁর প্রথম গল্পগ্রন্থ 'রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প' জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয় এবং পাঠক ও সমালোচক মহলে সমাদৃত হয়। এছাড়াও পাখিরোষ নামের একটি গল্পগ্রন্থও লেখেন তিনি। কবি আশরাফ জুয়েল পত্রিকা সম্পাদনাও করছেন। তিনি ‘পূর্বপশ্চিম সাহিত্য পত্রিকা'র প্রতিষ্ঠাতা সম্পাদক। এ বছর অর্থাৎ ২০২৫ সালের অমর একুশে বইমেলায় আশরাফ জুয়েলের ‘কবিরা আজীবন বিরোধীদল’ বইটি প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বুনন প্রকাশনী। এই বইটিও পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে এরইমধ্যে।
কবি আশরাফ জুয়েল মননে ছিলেন সাহিত্যানুরাগী। ছোটো থেকেই প্রচুর বই পড়তেন। ২০১৪ সালের দিকে পেট্রল বোমার আঘাতে পুড়ে যান আশরাফ জুয়েলের মমতাময়ী মা। তাতে কবির মনে বেশ আঘাত লাগে। রাজনৈতিক দুর্বৃত্তায়ণ নিয়ে কবি আশরাফ জুয়েল লেখেন রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প বইটি। লেখকের মা আজও বয়ে বেড়াচ্ছেন সেই দুঃসহ স্মৃতি।
কবি আশরাফ জুয়েল এ প্রসঙ্গে বলেন, জীবন সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য সম্পদ। আমরা অনেকেই জীবনের গুরুত্ব না বুঝে অপচয় করে ফেলি। অথচ আইসিইউতে কত মানুষের বাঁচার আকুতি রোজ প্রত্যক্ষ করি।
তাই কবিতাই আশরাফ জুয়েলের শক্তি রূপে ধরা দেয়। মননে জেগে ওঠা শব্দগুলোকে তিনি একে একে গাঁথুনি দিয়ে সাজিয়ে তোলেন কবিতায়। জীবনবোধ তার কবিতার আসল খোরাক। তার কবিতায় ফুটে ওঠে জীবনের ঘাত প্রতিঘাত। আইসিইউতে মানুষের যে অবর্ণনীয় কষ্ট তিনি দেখছেন প্রতিনিয়ত, তার দায়বদ্ধতা থেকেই তিনি লিখে যেতে চান অবিরাম।
ব্যক্তিজীবনে কবি আশরাফ জুয়েল দুই সন্তানের জনক। তার স্ত্রীও একজন চিকিৎসক। তিনি ইউনাইটেড হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছেন দীর্ঘদিন ধরে।
তাঁর সাহিত্যকর্মের জন্য আশরাফ জুয়েল জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার এবং পশ্চিমবঙ্গের কলকাতা থেকে 'ইতিকথা মৈত্রী সাহিত্য সম্মাননা-২০১৭' লাভ করেছেন।
আশরাফ জুয়েল একজন বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ। তিনি চিকিৎসা পেশায় নিবেদিত থেকেও সাহিত্যকর্মে সমানভাবে অবদান রেখে চলেছেন। তিনি আমৃত্যু লিখে যেতে চান আপন গতিতে! তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com