মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: মাগুরা সদরের শত্রুজিৎপুর কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম কলেজে ফিরতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে। এ নিয়ে কলেজ ও স্থানীয়দের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়েছে । জানা গেছে, গত দুই ডিসেম্বর ২০১৯ সালে অনিয়ম ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে এমপিও স্থগিতাদেশ হয় মাহবুবুল ইসলামের। পরে দুদক সহ বিভিন্ন দপ্তর তদন্ত করা ও প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে মামলায় ঝুলে যান তিনি। এখন তিনি আবার বিভিন্ন মহলে তদবির চালিয়ে কলেজে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন বলে জানা গেছে।
অভিযোগ ও মামলাসূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল ২০১০ সালে মাহাবুবুল ইসলাম অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে নিজ ক্ষমতাবলে শিক্ষক ও কর্মচারিদের হুমকি ভয়ভীতি দেখিয়ে কলেজের আয় ব্যায়ের কোন হিসাব কাউকে দিতেন না। কলেজে নিয়োগ বাণিজ্য, অতিরিক্ত ফি আদায়, উন্নয়নফান্ড সহ বিভিন্ন সেক্টরে অনিয়মের ৪৬টি অভিযোগ এনে লিখিত অভিযোগ দেয় কলেজের শিক্ষক ও অভিভাবক সহ স্থানীয়রা। এঘটনায় তদন্ত কর্মকর্তারা তদন্তে এসে প্রাথমিকভাবে কিছু অভিযোগে সত্যতা পাওয়ার কারণে তিনি বরখাস্ত হয়েছেন।
অধ্যক্ষের এমন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ জানানো হয় ওই সময়ে দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, জেলা প্রশাসক মাগুরা সহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। দীর্ঘদিন তদন্ত হয় এসব অভিযোগে বিষয়ে। পরবর্তীতে তাঁকে বরখাস্তসহ এমপিও বাতিলের মুখে পড়তে হয়।
স্থানীয়রা জানিয়েছেন, তৎকালীন সময়ে ওই অধ্যক্ষ আওয়ামী ক্ষমতাকে ব্যবহার করে এসব অনিয়ম ও দূর্নীতি করেছে। আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে তিনি কলেজ করতেন নিজের নিয়মে। এমপির ক্ষমতাবলে কলেজের গর্ভনিং বডির সভাপতি হন আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট সঞ্জিত বিশ্বাস। নিয়োগ বাণিজ্য করা সহ বিভিন্ন অভিযোগ ওঠে ওই অধ্যক্ষের বিরুদ্ধে। নিজেদের পছন্দমত প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দেওয়াসহ এমপির ক্ষমতাবলে খেয়ালখুশিমত যা ইচ্ছা তাই করতেন তারা। পুরো কলেজটি তাদের নিয়মে চলতো। তাই এসকল দূর্নীতিবাজ লোকেরা আবারও কলেজে ফিরলে ক্ষতির সম্ভাবনা দেখছেন এলাকাবাসী।
শত্রুজিৎপুর কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগীর কবীর বলেন, আমরা মনে করি অনিয়ম ও দূর্নীতির দায়ে বরখাস্তকৃত অধ্যক্ষ তার কর্মের ফলাফল পেয়েছেন। তিনি যে অনিয়ম ও দূর্নীতি করেছেন সেই অভিযোগের কারনে তদন্ত সাপেক্ষে তার এমপিও স্থগিত হয়েছে। এখন শুনেছি তিনি কলেজে ফিরতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছেন। এটা একান্তই সংশ্লিষ্ট দপ্তর ও মামলার বিষয়। তিনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে তিনি আসতেই পারেন। এটা নিয়ে আমাদের কোনো ভাবনার বিষয় নয়। তবে এবিষয়ে বর্তমান সরকার সহ সকলের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেন শিক্ষকদেরকে অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে রাখা গেলে এমন দূর্নীতি ও অনিয়ম কমে আসবে। যা শিক্ষা ব্যবস্থায় আলো ছড়াবে।
শিক্ষানুরাগী ব্যাক্তিরা বলছেন, দূর্নীতির সঙ্গে জড়িত লোকেরা যেনো ভবিষ্যতে কোনো তদবির করেও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে না পারেন এজন্য তারা সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরসহ সর্বমহলের সুদৃষ্টি কামনা করেছেন। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম দূর করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com