সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট সদর উপজেলার অর্জুনবাহার এলাকার দড়াটানা নদীর পাড় থেকে আজমির শেখ (৪৭) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়রা নদীর পাড়ে আজমির শেখের লাশ দেখে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত আজমির শেখ বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের হাসেম শেখ এর ছেলে।
স্থানীয়রা বলেন, ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা তাকে এলোপাথারি ভাবে মারধর করে নদীতে ফেলে দিয়েছে।
নিহত আজমির শেখের ছেলে ওমর ফারুক বলেন, আমার পিতা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, কারো সাথে কোন শত্রুতা ও ছিল না। আমরা দুই ভাই ঢাকায় চাকরি করি মা প্রবাসী। মঙ্গলবার বাঁশবাড়ি এলাকায় তাস খেলতে আসছিল আমার পিতা। কিন্তু সন্ত্রাসীরা কি কারণে আমার পিতাকে হত্যা করেছে তার সঠিক কারণ জানতে পারছি না। ঘটনার সঠিক তদন্ত করে পিতা হত্যার বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ নমুনা সংগ্রহ করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। পরবর্তী আইনগত অবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com