সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের হান্নান বাহিনীর ০৭ জন জলদস্যুকে অস্ত্র সহ আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)। আজ বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী)কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট অনিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন যাবত সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
গতকাল হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায়। অতঃপর রাতভর কোস্ট গার্ড রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হান্নান বাহিনীর প্রধান মোঃ হান্নান শেখ এবং তার ০৫ জন সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে ডাকাত দলের সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মোঃ হাবিবুর রহমান কে ০২ টি এক নলা বন্দুক, ০৩ টি রামদা সহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটককৃত ডাকাত দলের সদস্য মোঃ হান্নান শেখ (৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান (৪৭), মোঃ হোসেন আলী শেখ (৫৫) এবং মোঃ হাবিবুর রহমান (৫৫) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com