মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে বড় বাজার থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। এতে হাজারো নেতাকর্মীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শহর- ‘অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই, দিতে হবে।’
সমাবেশে জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, ‘আগামী ২০ তারিখের মধ্যেই অন্তবর্তীকালীন সরকারের কাছে দলের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এক যুগ ধরে আমাদের নেতাকে কারাবন্দী করে রাখা হয়েছে। আমরা আর নীরব থাকবো না। যদি আমাদের এই ন্যায্য দাবি মানা না হয়, তাহলে এরপর থেকে একমাত্র এটিএম আজহারুল ভাইয়ের মুক্তির দাবিতেই এক দফার আন্দোলনে মাঠে নামবে জামায়াতে ইসলামী।’
জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, ‘আমরা আজ এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, মজলুম নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও অন্যায় রায় দিয়ে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা স্মরণ করিয়ে দিতে চাই, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো আমরা ন্যায়বিচার দেখতে পাইনি। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে।’
সমাবেশে জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুন্তাকীম।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com