বাংলাদেশের লোকজ সংস্কৃতির অন্যতম নিদর্শন হলো পিঠা। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণিল পিঠা উৎসব। গত ১৬ ফেব্রুয়ারি ‘২০২৫ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই উৎসব এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, যেখানে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
উৎসবের প্রধান অতিথি ছিলেন আধুনিক হামদর্দ বাংলাদেশে এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, পিঠা শুধুমাত্র খাদ্য নয়, এটি বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রামের প্রতিটি ঘরে, বিশেষ করে শীতের সকালে, পিঠা তৈরির যে আয়োজন চলে, তা কেবল স্বাদের নয়, বরং পারিবারিক ও সামাজিক বন্ধন তৈরিরও একটি উপায়। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শেকড়ের সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার সুযোগ পেল।
উৎসবে ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক হাকীম কামরুন্নাহার হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানো জরুরি। হামদর্দ বিশ্ববিদ্যালয় বরাবরই শিক্ষার্থীদের জ্ঞান বিতরণের পাশাপাশি নৈতিকতা ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করে, আর এই আয়োজন তারই একটি দৃষ্টান্ত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মঞ্জুরুল আলম, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, পরিচালক উৎপাদন বশির আহাম্মেদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com