মতিন রহমান, মাগুরা: আওয়ামী ফ্যাসিস্ট সরকার ১৫ বছরে দেশটাকে ভেঙে চুরে নষ্ট করে ফেলেছে, তাই দেশ মেরামত করতে বিএনপি'র ৩১ দফা জনগণ ও দেশের স্বার্থে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ সন্ধ্যায় মাগুরা, কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির ৩১ দফার সংস্কার কাঠামো বিষয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
তারেক রহমান আরো বলেন, যেকোনো মূল্যে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিটি সেক্টরে জবাবদিহিতা মূলক প্রতিনিধি নির্বাচন করতে হবে। শিক্ষা স্বাস্থ্য সহ জনগণের মৌলিক চাহিদা পূরণে প্রতিটি নেতাকর্মীকে যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ে মাগুরা অডিটরিয়ামসহ চারটি জেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই কর্মশালায় জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ এর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, বিএনপি'র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট নিতাই রায় চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, খুলনা বিভাগীয় বিএনপি'র ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান রুমন, রেহানা আক্তার রানু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপি'র সদস্য সচিব মনোয়ার হোসেন খান।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বক্তারা বলেন, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ প্রয়োজন। আর এই জয়লাভের পর ঐকমত্যের জাতীয় সরকার ৩১ দফার আলোকে রাষ্ট্রে রূপান্তরমূলক সংস্কার কার্যক্রম গ্রহণ করবে বলে তারা উল্লেখ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com