পঞ্চগড় প্রতিনিধি : মাসব্যাপী তারুণ্যের উৎসবে হাজার হাজার তরুণ-তরুণী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভিন্ন আমেজ সৃষ্টি পঞ্চগড়ে। পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপি তারুণ্যের উৎসব সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের বিভিন্ন ইভেন্টে জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার তরুণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সৃষ্টি করেছে এক নতুন দিশা ও উদ্দীপনা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারুণ্যের উৎসবে মোট ২৫টি ইভেন্ট আয়োজন করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসবে উপজেলার বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, কর্মশালা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, পাখির অভয়ারণ্য স্থাপন, টুর্নামেন্ট, সাইকেল রেস, কারাতে প্রতিযোগিতা, স্কেটিংসহ আরও নানা আয়োজনের মাধ্যমে তরুণরা তাদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভা প্রদর্শন করছে। প্রতিটি ইভেন্টে হাজার হাজার দর্শক উপভোগ করছেন।
শনিবার দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিম। জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব খোরসেদ আলম খান, পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মনিরুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টনমেন্টের মেজর মেহেদী হাসানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া, ২১ জানুয়ারি বির্তক উৎসব, ২২ জানুয়ারি উপস্থিত বক্তৃতা, ২৩ জানুয়ারি পিঠা উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হবে। তরুণদের জন্য বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা, ইংরেজি স্পিকিং, ফ্রিল্যান্সিং, নেটওয়ার্কিং, কমিউনিকেশন বিষয়ে প্রশিক্ষণ, এবং পেশাজীবীদের নিয়ে (রিক্সাওয়ালা, শ্রমিক, ড্রাইভার) প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান জানিয়েছেন, উৎসবে অংশগ্রহণকারী তরুণরা মাদক ও দুর্নীতি বিরোধী স্লোগানে মুখরিত করেছে পঞ্চগড় জেলা। জেলা প্রশাসক সাবেত আলী জানিয়েছেন, তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করাই এই উৎসবের প্রধান লক্ষ্য। তাদেরকে উৎসব বাস্তবায়ন এবং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, যা তাদের নেতৃত্ব গঠনে সহায়ক হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি, এক কনসার্টের মধ্য দিয়ে এই মাসব্যাপি উৎসবের সমাপ্তি ঘটবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com