রবিউল আলম, ইবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ছিন্নমূল শিশু ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। এতে ১৬০ জনকে বস্ত্র বিতরণ করছে বলে জানান সংগঠনটি।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ১১৬ নং কক্ষে আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করে তারা।
সংগঠনটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, সংগঠনটির উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল গফুর গাজী।এছাড়াও শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ঐক্যমঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিব, তারুণ্যের সাধারণ সম্পাদক ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব সহ এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, সংগঠনটি সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সবসময় মানবতার সেবায় কাজ করে যাবে। তিনি অসহায় ও দুস্থ মানুষদের থেকে দোয়া কামনা করেন যেন সংগঠনটি মানব সেবায় কাজ করে যেতে পারে। তিনি সংগঠনটির নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, তোমরা এ সংগঠনের আদর্শ ধারণ করে সর্বদা মানুষের পাশে দাঁড়াবে।
উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল গফুর গাজী বলেন, তারুণ্যের সাথে আমি এখনও পর্যন্ত উপদেষ্টা হিসেবে এই কারণে যুক্ত আছি যে তারা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের কাজ আরও অগ্রগতি হোক সেই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, তারুণ্য এমন একটা সংগঠন যেটি সম্পূর্ণ অলাভজনক ও মানবতা নিয়ে কাজ করে। আমরা অনেক নেতা ও সংগঠন দেখি কিন্তু ক’জন বা মানব সেবায় নিয়োজিত আছেন সেটা দেখার বিষয়। তিনি কুরআন হাদিসের রেফারেন্স টেনে বলেন, মানবজাতি যে অংশটুকু অর্জন করে তার কিছু অংশ অসহায় ও দরিদ্র মানুষের জন্য ব্যয় করাও ধর্মীয় অনুশাসন। যারা তরুণ বয়সে ইবাদত করে এবং সৎ কাজ করে তা আল্লাহ তায়ালার কাছে গ্রহণযোগ্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তরুণ বয়সে ভালো কাজে মনোযোগ দেয়াটা উত্তম কাজ। আমি আশ্চর্যান্বিত হচ্ছি যে তোমাদের মতো তরুণরাই রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার অধিকারী। জুলাই বিপ্লবের পর তরুণদের হাতে গড়া রাষ্ট্রের কাছে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি। মানবতা কাজের এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখিনি।
এছাড়াও সংগঠনটিকে নির্দিষ্ট কার্যালয়ের রুম বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com