ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৩ রানের খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন শেখ মেহেদী। এমন পারফরম্যান্সের পর আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছিলেন তিনি। পরের দুই ম্যাচে তার শিকার আরও চার উইকেট। সিরিজজুড়ে দারুণ বোলিংয়ে মেহেদীর শিকার মোট আট উইকেট। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পেছনে বড় অবদানই রেখেছেন এই ডানহাতি এই অফ স্পিনার। এমন পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরাও।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে আলো ছড়িয়ে টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে ঠাঁই পেয়েছেন মেহেদী। আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ১৩ ধাপ এগিয়েছেন তিনি। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে আছেন ডানহাতি এই অফ স্পিনার।
বোলিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন তিনি। একটি ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। এমন পারফরম্যান্সে ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তিনি। আর ২৩ ধাপ এগিয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। আর তানজিম হাসান সাকিব ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে আছেন ৪৫ নম্বরে।
বল হাতে সময়টা ভালো গেছে রিশাদ হোসেনের। সিরিজে ছয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে রয়েছেন তরুণ এই লেগ স্পিনার। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন তিনি।
পুরো সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছেন জাকের আলী অনিক। তিন ম্যাচে ১২০ রান করে সবার উপরে ছিলেন তিনি। যেখানে শেষ টি-টোয়েন্টিতে ঝোড়ো ইনিংসে করেছিলেন অপরাজিত ৭২ রান। তৃতীয় ম্যাচে হয়েছিলেন ম্যাচসেরাও। এমন পারফরম্যান্সে ৮৫ ধাপ এগিয়েছেন জাকের। কেন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে ৮৭ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com