বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিডিআর হত্যাসহ ছাত্রজনতা গণহত্যার আসামি শেখ হাসিনা, আইন অনুযায়ী তার বিচার হবে। আর বিচারের মাধ্যমে আদালতই তাকে দেশে আনবে। সম্প্রতি ভারত ইস্যু নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য গঠিত হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে যে বিভেদ সৃষ্টি হয়েছে ঐক্যবদ্ধভাবেই আমরা তা মোকাবিলা করব।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ায় দলীয় একটি সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সংগঠিত করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে।
কুষ্টিয়া জেলা বিএনপি এবং সকল ইউনিট সমূহের কাউন্সিল নির্ধারিত সময়ে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির দায়িত্বরত সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদী আহম্মেদ রুমী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাক উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।
এ সময় কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতবিনিময় সভায় অংশ নেয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com